নেকবর হোসেন।।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে “মানসম্মত হেলমেট, নিরাপদ গতি—কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান ও মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, অসচেতনতা, অতিরিক্ত গতি ও নিয়ম না মানার কারণে প্রতিদিনই সড়কে প্রাণহানি ঘটছে। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যেই সচেতনতা বাড়াতে হবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, “সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু মৃত্যুর মিছিল থামছে না। সবাইকে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।” তিনি চালকদের প্রশিক্ষণ, রাস্তার মানোন্নয়ন ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা গেজেট. কম