নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থীদের মাঝে ৭০০টি অর্থসহ কোরআন শরীফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভিক্টোরিয়া কলেজ শাখা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাসান আহমেদ। তিনি বলেন, “কোরআন অবমাননার ঘটনায় পুরো মুসলিম সমাজ ব্যথিত। আমরা এর প্রতিবাদে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি, যেন সবাই কোরআনের শিক্ষা বুঝে এবং তা মেনে চলে।”
তিনি আরও বলেন, “আমি এই কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছিলাম। তখন নামাজ পড়া, টুপি-পাঞ্জাবি পরা শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার হতে হতো। আজ ইসলামী চেতনায় তরুণ প্রজন্মের জাগরণ সত্যিই আশাব্যঞ্জক।”
এসময় অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মো. মনির হোসেন, সেক্রেটারি বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট. কম