মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
সারাদেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭১ হাজার ৭২৭ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলার ৮টি ইউনিয়নের ৩৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন ১টি স্থায়ী ও ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
রোববার সকাল ৯টায় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, ইপিআই টেকনিশিয়ান আবুল কাশেম, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা বলেন, “উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। সারাদেশব্যাপী শুরু হওয়া এ কর্মসূচি ১৮ দিনব্যাপী চলবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেক অভিভাবককে নিজ সন্তানের টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।”
কুমিল্লা গেজেট. কম