নেকবর হোসেন।।
কুমিল্লায় বেবী টেক্সি চালক জসিম উদ্দিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. এনামুল হক সরকার।
মামলার বিবরণ
২০০৬ সালের ১ জানুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রাম মিয়া বাজার থেকে মোবারক হোসেন ও আবদুল মালেক বেবী টেক্সিতে ওঠেন ময়নামতি দেবপুর যাওয়ার উদ্দেশ্যে। পথে পদুয়ার বাজার থেকে তাদের সঙ্গে যোগ দেন নুরুল ইসলাম।
পরে দেবপুরের বিন্দিয়ার চর ব্রিজ এলাকায় ড্রাইভার জসিম উদ্দিনকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে রেখে বেবী টেক্সি ছিনতাই করেন তারা। এ ঘটনায় পরদিন বুড়িচং থানার এএসআই কাজী মাছুমুর রহমান অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ গ্রেপ্তার করে মোবারক হোসেনকে। তার স্বীকারোক্তিতে আব্দুল মান্নানের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া বেবী টেক্সি উদ্ধার করা হয়। ২০০৯ সালে মামলাটি কুমিল্লা দায়রা জজ আদালতে নথিভুক্ত হয়।
রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। এতে আসামি মোবারক হোসেন, আবদুল মালেক ও নুরুল ইসলামকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। অপরদিকে অভিযুক্ত আব্দুল মান্নান ও মো. সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়।
অ্যাডভোকেট এনামুল হক সরকার জানান, রায়ের শেষ পর্যায়ে দণ্ডপ্রাপ্ত তিন আসামি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে এখনও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
কুমিল্লা গেজেট