কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন, সহযোগীর কারাদণ্ড

  • প্রকাশের তারিখ : 30-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
কুমিল্লায় লবণের ট্রাকে করে সাড়ে ২১ হাজার ইয়াবা বহনের মামলায় একজনকে যাবজ্জীবন এবং তার সহযোগীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার প্রধান আসামি ট্রাকচালক মো. সাদ্দাম হোসেন হাজারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সহযোগী মো. আয়নাল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ

২০২১ সালের ৩১ মার্চ ভোরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক সাদ্দাম ও সহযোগী আয়নাল পালানোর চেষ্টা করেন।

তাদের আটক করে তল্লাশি চালালে সাদ্দামের প্যান্টের পকেট ও আসনের নিচ থেকে ২০ হাজার ইয়াবা এবং আয়নালের পকেট থেকে ১,৪৫০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

আদালত সূত্র জানায়, দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ