নেকবর হোসেন।।
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।
কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “অফিসার ও ফোর্সদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশ মেনে দায়িত্ব পালন অত্যন্ত জরুরি। নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতেও সবার সর্বোচ্চ আন্তরিকতা থাকতে হবে।”
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ শামিম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট