নেকবর হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় চোর সন্দেহে এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
গ্রেফতাররা হলেন—মো. আসমান আলী (২৮), মো. আতিকুল ইসলাম (২৫) ও মো. সেলিম মোল্লা (২৩)। এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বুড়িচং থানার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
র্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে দেবপুর সাহাপাড়া এলাকার সাকু মিয়ার কারখানায় এক যুবককে চুরির অভিযোগে আটক করে কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করে র্যাব অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
কুমিল্লা গেজেট