মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৯টি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৫ লক্ষ টাকার ওষুধ সরবরাহ করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে ওষুধ সরবরাহ বন্ধ ছিল। এ অবস্থায় জনগণ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে জন্য উপজেলা ফান্ড থেকে ওষুধ কেনার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রধান ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের হাতে এসব ওষুধ তুলে দেন ইউএনও তানভীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্ত রুদ্র, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, সদর ইউনিয়নের সদস্য মোঃ জহিরুল ইসলাম, ভারেল্লা উত্তর ইউনিয়নের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, পীরযাত্রাপুর ইউনিয়নের সদস্য মোঃ আবদুল হক, স্বাস্থ্যকর্মী গোলাম সামদানী, আবু হানিফসহ ৯ ইউনিয়নের মেম্বার ও স্বাস্থ্যকর্মীরা।
ইউএনও মোঃ তানভীর হোসেন বলেন,
“বর্তমানে পরিবার পরিকল্পনা অফিসের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ওষুধ সরবরাহ নেই। তাই সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকে উপজেলা ফান্ড হতে প্রায় ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়েছে।”
কুমিল্লা গেজেট