কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের তারিখ : 10-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লার বুড়িচংয়ে ডেঙ্গু প্রতিরোধে “অপারেশন ক্লিন হোম; হেলদি লাইভস” কর্মসূচির আওতায় বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ কার্যক্রম আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেককে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। এতে ঝুঁকি অনেকটাই কমবে।”

বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার প্রজননস্থল ধ্বংস করা। জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।”

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম, ব্র্যাক অফিসার সিসিএস শান্ত দেবনাথ, প্রোগ্রাম অফিসার উত্তম কুমার রায় ও ফিল্ড অর্গানাইজার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। এতে স্থানীয় জনসাধারণ, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ