বুড়িচং প্রতিনিধি।।
মহান আল্লাহ তায়ালার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনী দিবস ১২ রবিউল আউয়াল উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফ কমপ্লেক্সের উদ্যোগে জশনে জুলুছ ও মাহফিলে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে দরবার শরীফ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ বের হয়। এটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবার শরীফে গিয়ে সমাপ্ত হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, মিলাদ, কিয়াম, মুনাজাত ও তাবারুক বিতরণ।
জুলুছ ও মাহফিলের নেতৃত্ব দেন দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর সিদ্দিকী নোমানী আলহাছানী, মেজ শাহজাদা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আলহাছানী এবং চতুর্থ শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমেদ নোমানী আলহাছানী।
পথসভায় বক্তব্য রাখেন—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির; ছয়গ্রাম আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নূরে আলম খান নাঈম; আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ কমিটি বাংলাদেশের মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুর রশিদ প্রমুখ।
এছাড়া আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ কমিটি বাংলাদেশের যুব ও ছাত্র কমিটির সদস্য, উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের আশেক-ভক্তসহ বিপুলসংখ্যক নবীপ্রেমিক সুন্নি জনতা উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট