কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় সাড়াশি অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

  • প্রকাশের তারিখ : 4-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ মাটি খননযন্ত্র (ড্রেজার মেশিন) বিরোধী সাড়াশি অভিযানে একটি ড্রেজার মেশিন, তিন হাজার ফুট পাইপ ও বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট এলাকা ও ধান্যদৌল বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এসময় আনসার সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশরা সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করতে থাকা একটি ড্রেজার মেশিন ও মাটি সরবরাহে ব্যবহারিত পাইপ ধ্বংস করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিক আবদুল কাদির পালিয়ে গেলেও দুই কর্মচারীকে আটক করা হয়। পরে তারা ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।

স্থানীয় কৃষকরা জানান, সুনামগঞ্জের বাসিন্দা আবদুল কাদির দীর্ঘদিন ধরে ধান্যদৌল এলাকায় অবস্থান নিয়ে কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার ব্যবসা চালাচ্ছিলেন। স্থানীয়রা তাকে “ড্রেজার কাদির” নামে চেনেন। জমির মালিকদের অভিযোগ, তিনি কোনো জমিতে ড্রেজার বসালে আশপাশের মালিকদেরও জোরপূর্বক মাটি বিক্রি করতে বাধ্য করা হতো।

অভিযানের পর স্থানীয় কৃষক ও জমির মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের দাবি, অবৈধ ড্রেজার ব্যবসার মূলহোতা কাদিরের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মিত অভিযান চলবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থান নিয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ