মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচংয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনটিও বিকল করে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক ও বুড়িচং থানার পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে ব্যবহার ঠেকাতে ড্রেজার মেশিনটি অচল করে দেওয়া হয়।
ইউএনও তানভীর হোসেন বলেন, “দক্ষিণ শ্যামপুর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ ধরনের কর্মকাণ্ড নদী-নালা ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গোপনে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন হওয়ায় কৃষিজমি, বসতভিটা ও গ্রামীণ সড়কের ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ ড্রেজিংয়ের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়, কৃষিজমি নষ্ট হয় এবং ভাঙন বৃদ্ধি পায়। এ কারণেই সরকার বারবার এ ধরনের কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশনা দিয়ে আসছে।
কুমিল্লা গেজেট