কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে টাস্কফোর্স অভিযানে ২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • প্রকাশের তারিখ : 1-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (৩১ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মিরপুর দক্ষিণগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি ও বুড়িচং থানা পুলিশ সহায়তা করে।

তল্লাশিতে নাবালক মিয়ার ছেলে জিয়াউর রহমানের ঘর থেকে খাটের নিচে কৌশলে রাখা প্রায় ২ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। তবে খবর পেয়ে আগেই পালিয়ে যান অভিযুক্ত জিয়াউর। এ ঘটনায় সোমবার থানায় তার নামে মামলা দায়ের হয়েছে।

অভিযানকালে এলাকায় বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করা হয় এবং জনসম্মুখে ধূমপানসহ বিভিন্ন অপরাধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। সড়ক ও পরিবহন আইনে মোটরসাইকেল চালক আহাদ হোসেনকে ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে এক চা দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে শংকুচাইল ক্যাম্পের সুবেদার মোহাম্মদ আনোয়ার হোসেন, বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনের বাইরে কেউ নয়, অপরাধী যেই হোক তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সহযোগিতা থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম অনেকটাই কমে যাবে।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ