কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

  • প্রকাশের তারিখ : 1-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ ও শিখন ঘাটতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান শেষে উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ইবনে হোসাইন। এছাড়াও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জয়নাল আবেদীনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা জাহান বলেন, “ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত হবে। শিক্ষার্থীরা চিত্র ও শব্দের মাধ্যমে সহজে শিখতে পারবে, যা তাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। সরকারের লক্ষ্য হলো—প্রতিটি শিশু মানসম্মত শিক্ষা লাভ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক।”

তিনি আরও বলেন, শেখার ঘাটতি পূরণে শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে। সরকারের এই উদ্যোগ শুধু ডিজিটাল বাংলাদেশ নয়, বরং স্মার্ট বাংলাদেশের ভিত্তি গড়তে সহায়ক হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ