কুমিল্লা | বঙ্গাব্দ

বুড়িচংয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ৪

  • প্রকাশের তারিখ : 4-আগস্ট-2025 ইং
ছবির ক্যাপশন:

মোঃ আবদুল্লাহ, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম ইব্রাহীম সরকার (৩২)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সরকারবাড়ির বাসিন্দা। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরাদনগরগামী ফারজানা পরিবহনের একটি দ্রুতগামী বাস পারুয়ারা দাখিল মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই যাত্রী ইব্রাহীম সরকার নিহত হন।

গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, “বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। বাসচালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নিহত ইব্রাহীম সরকারের মৃত্যুতে তার পরিবারে ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ