কুমিল্লায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাং লিডারসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশী বিদেশী অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
রোববার সকাল ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব ১১ এর অধিনায়ক লে.কমান্ডার মাহমুদুল হাসান।
আটককৃতরা হলেন মোঃ রুবেল (৩৫) হুমায়ুন কবির (৪৫), মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭), মোঃ শাহাদাত হোসেন (২৮), মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯) মোঃ মোজাহিদ (২১), মোঃ রফিউল আলম শাফি (২০) ।
আটককৃতদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার এ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং আবারো মাথাচারা দিয়ে উঠেছে। কিশোর গ্যাং প্রতিরোধে শনিবার রাতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানটি রোববার ভোর পর্যন্ত চলে।
অভিযানে সদর দক্ষিণ উপজেলার অস্ত্র সরবরাহকারী মোঃ রুবেল (৩৫)কে প্রথমে আটক করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতো।
অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযানে ৩ জনকে আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার এ্যামুনিশন এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ।
আটককৃতদের তথ্যের ভিত্তিতে পরে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। তাদের নিকট থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানের সময় হুমায়ূন কবির (৪৫) নামে আরও একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক