পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং যেকোণো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ মেহেদী। এছাড়া সমাবেশে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ প্রতিনিধি