কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ, প্রবীণ বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের নবীন-প্রবীণ শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক মইনুর রহমান প্রান্ত এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কম্পিউটার অপারেটর আলমগীর হোসেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও আইন বিভাগের ১০ ব্যাচের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট কামাল হোসেন জয়, বর্তমান সভাপতি জহিরুল ইসলাম হিমেল ও সাধারণ সম্পাদক মুনতাসির মজিদ মামুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য, নবীন ও বিদায়ী শিক্ষার্থীরাও অংশ নেন।
বিকেলে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ, প্রবীণ শিক্ষার্থীদের বিদায়, মেধাবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জহিরুল ইসলাম হিমেল বলেন, নবীন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ, দক্ষতা অর্জন ও নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। চাকরির ক্ষেত্রে শুধু সিজিপিএ নয়, বিশ্ববিদ্যালয় জীবনে ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, সংগঠনের পরবর্তী কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। এ জন্য আগ্রহী সদস্যদের দায়িত্ব নিয়ে সংগঠনের কার্যক্রমে কাজ করার আহ্বান জানান তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মুনতাসির মজিদ মামুন নবীন সদস্যদের উদ্দেশে বলেন, ‘তোমরা শুধু নতুন সদস্য নও, তোমরাই আমাদের আগামী দিনের নেতৃত্ব।’ সংগঠনের সদস্যদের পারস্পরিক ভালোবাসা, বন্ধন ও পরিবারের মতো আন্তরিকতা ধরে রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সময়ের সঙ্গে পদ ও দায়িত্ব পরিবর্তন হলেও সদস্যদের পারস্পরিক ভালোবাসা ও সম্পর্ক যেন অটুট থাকে।
কুবি প্রতিনিধি