কুমিল্লা | বঙ্গাব্দ
কুভিক গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্টে ২৬তম ব্যাচের দাপট, বিদায় ২৯তমের
কুভিক গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্টে ২৬তম ব্যাচের দাপট, বিদ...
0:00
0:00

কুভিক গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্টে ২৬তম ব্যাচের দাপট, বিদায় ২৯তমের

ছবির ক্যাপশন:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত Mathematics Department Intra-Department Football Tournament 2026-এর বাছাইপর্ব শেষ হয়েছে। গতকাল সারাদিনব্যাপী অনুষ্ঠিত এ পর্বে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতা ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি।

বাছাইপর্ব শেষে চার ম্যাচে চার জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ২৬তম ব্যাচ। তিন জয় ও এক পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ২৭তম ব্যাচ। ২৮তম ব্যাচ এক জয়, এক ড্র ও দুই পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং ৩০তম ব্যাচ দুই ড্র ও দুই পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

অন্যদিকে, তিন পরাজয় ও এক ড্রয়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ২৯তম ব্যাচ।
দিনের ম্যাচগুলোতে ২৬ ও ২৭তম ব্যাচের পাশাপাশি ২৮ ও ২৯তম ব্যাচের লড়াইও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। বিশেষ করে ২৬তম ব্যাচের ধারাবাহিক পারফরম্যান্স তাদের টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে এগিয়ে দিয়েছে।

টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যে গণিত অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান রিদু বলেন, শুধু প্রতিযোগিতা আয়োজন নয়, বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের একত্র করা এবং তাঁদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করাই মূল লক্ষ্য। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দলগত কাজ, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরির বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচটি ব্যাচের খেলোয়াড় ও দর্শকদের সমন্বয় করে সময়সূচি ঠিক রাখা এবং নিয়ম মেনে ম্যাচ পরিচালনা করা ছিল বড় চ্যালেঞ্জ। তবে অ্যাসোসিয়েশনের সদস্য ও প্রতিটি ব্যাচের সহযোগিতায় গ্রুপ পর্বের ১০টি ম্যাচ সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।

গণিত অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রতিটি দল শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য লড়াই করেছে। সদস্যদের সম্মিলিত পরিশ্রম ও দায়িত্বশীলতার কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।

টুর্নামেন্টে শিক্ষার্থীদের উপস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহিম মুনতাসির বলেন, খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতি ও নিজ নিজ দলকে সমর্থন করার বিষয়টি আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে মেয়েদের জন্যও একটি স্পোর্টস টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব আরও কিছু কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন গণিত অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক জাহিদ সরকার ও উপ-ক্রীড়া সম্পাদক আফসাউল কবির মাহি।

২৬তম ব্যাচের শীর্ষে থাকার কারণ সম্পর্কে ক্রীড়া সম্পাদক জাহিদ সরকার বলেন, দলটির শক্তিশালী রক্ষণভাগ তাদের সাফল্যের অন্যতম কারণ। এখন পর্যন্ত তারা কোনো গোল হজম করেনি। শক্ত রক্ষণভাগ ও দলীয় সমন্বয়ই তাদের ভালো ফলের পেছনে কাজ করছে।

অন্যদিকে, ২৯তম ব্যাচের খারাপ ফলের পেছনে খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব ও দুর্বল দলীয় সমন্বয়কে দায়ী করেন তিনি। তাঁর মতে, রক্ষণভাগ বারবার ভেঙে পড়ায় প্রতিপক্ষ গোলের সুযোগ পেয়েছে।

গণিত অ্যাসোসিয়েশনের আয়োজনে, GSE IELTS-এর প্রতিনিধিত্বে এবং TABS Academy-এর স্পনসরশিপে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

বাছাইপর্ব শেষ হওয়ায় এখন সেমিফাইনাল ও ফাইনালের দিকে তাকিয়ে আছেন খেলোয়াড় ও সমর্থকেরা। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ২৬তম ব্যাচ শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ