কুমিল্লা | বঙ্গাব্দ
ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কুবিসাসের দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিন
ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কুবিসাসের দুই দিনব্যাপী...
0:00
0:00

ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কুবিসাসের দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিন

ছবির ক্যাপশন:

মাল্টিমিডিয়া সাংবাদিকতা, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ক্যাম্পাস সাংবাদিকতার কলা ও কৌশল নিয়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ‘ক্যাম্পাসের ক্যানভাসে জার্নালিজম’ শীর্ষক এ কর্মশালার প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্পাস সাংবাদিক ও সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীসহ মোট ৩৩ জন অংশগ্রহণ করেন।

প্রথম দিনে ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’ শীর্ষক সেশন পরিচালনা করেন দৈনিক ওয়াদার হেড অব মাল্টিমিডিয়া সাংবাদিক মুহাম্মদ আলী মাজেদ। সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সেশন পরিচালনা করেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল ক্যাম্পাস সাংবাদিকতার কলা ও কৌশল নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে মাল্টিমিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতা, সাংবাদিকতার মৌলিক ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকেরা। একই সঙ্গে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ উপস্থাপন এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

কুবিসাসের সভাপতি আবু শামা বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তির ব্যবহার দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে ক্যাম্পাস সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা চর্চা করুন। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা আরও সমৃদ্ধ করতে পারবেন বলে আমরা আশাবাদী। ভবিষ্যতেও কুবিসাসের পক্ষ থেকে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’

দুই দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ