কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং নিরসন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদল এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও আবাসিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে।
স্মারকলিপিতে ছাত্রদল পাঁচটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো—ক্যাম্পাসে চলমান দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং অনতিবিলম্বে কমিয়ে আনা, বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ বিভ্রাটের সময় শিক্ষার্থীদের শিক্ষা ও আবাসিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের জন্য কেন্দ্রীয়ভাবে পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন জেনারেটর ব্যবস্থা স্থাপন ও কার্যকর রাখা, বিদ্যুৎ বিভ্রাটের সময়ও আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার জন্য স্থায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করা এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, “ইদানীং রাতে কয়েকবার লোডশেডিং হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীসহ হলের আবাসিক শিক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। কারও কারও সেমিস্টার ফাইনাল, কারও মিড এক্সাম আবার অনেকে গরমে অসুস্থও হয়ে পড়ছেন। বিদ্যুৎ চলে গেলে আবার নিরবচ্ছিন্ন পানি সরবরাহও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আমরা উপ-উপাচার্য স্যারের কাছে দাবি জানিয়েছি, যাতে পুরো ক্যাম্পাসকে একটি কেন্দ্রীয় জেনারেটরের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেন। উপ-উপাচার্য স্যারও আমাদের আশ্বস্ত করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগগিরই এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে।"
কুবি প্রতিনিধি