কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করানোর অভিযোগে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ছোটশালঘর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম মুন্সী (৩৪) উপজেলার বড়শালঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী এবং ছোটশালঘর এলাকার বাসিন্দা হুমায়ুন কবিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে দেবিদ্বার উপজেলার ছোটশালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে একটি মিছিল বের করেন সাদ্দাম মুন্সী। ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার পর সাদ্দাম আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।
পরে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দেবিদ্বার থানা পুলিশ।
থানা সূত্রে আরও জানা গেছে, সাদ্দাম মুন্সী নাশকতার একটি মামলাসহ আরও চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সম্প্রতি ইউসুফপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলে সাদ্দাম মুন্সীর অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কোমলমতি শিশুদের দিয়ে রাজনৈতিক দলের মিছিল করানোর পর তিনি এলাকা থেকে পালিয়ে যান। সোমবার তার বাড়িতে আসার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর সাদ্দাম মুন্সীর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ মাসুদ রানা