কুমিল্লা | বঙ্গাব্দ
পরীক্ষার্থীদের জন্য পানি ও কলম বিতরণ করল বরুড়া থানা প্রেস ক্লাব
পরীক্ষার্থীদের জন্য পানি ও কলম বিতরণ করল বরুড়া থানা প্রেস ক্...
0:00
0:00

পরীক্ষার্থীদের জন্য পানি ও কলম বিতরণ করল বরুড়া থানা প্রেস ক্লাব

ছবির ক্যাপশন:

সারাদেশের ন্যায় কুমিল্লার বরুড়া উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

চলতি বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

বরুড়া উপজেলার মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরীক্ষার্থীরা ধীরে ধীরে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেন। নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে কেন্দ্রটির মোট ৩০২ জন পরীক্ষার্থীর প্রায় সকলেই উপস্থিত হন। এ সময় পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদেরও কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়।

পরীক্ষার শুরুর আগে মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ায় বরুড়া থানা প্রেস ক্লাব। সংগঠনটির উদ্যোগে ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির বোতল ও একটি করে কলম বিতরণ করা হয়। এতে পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ মজুমদার এবং সাবেক সভাপতি মোঃ সোহেল খন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন মীর, প্রচার সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পানি ও কলম বিতরণ শেষে বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ মজুমদার বলেন,“পরীক্ষার পূর্ব মুহূর্তে অনেক শিক্ষার্থী নানা ধরনের মানসিক চাপের মধ্যে থাকে। এ সময় একটি কলম বা এক বোতল পানি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সেই প্রয়োজনীয়তা অনুভব করেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। আমরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে চাই।”

তিনি আরও বলেন, বরুড়া থানা প্রেস ক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; সমাজের বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমেও তারা সবসময় সক্রিয় ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বরুড়া থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল হোসেন সাজু ও মাহবুব কবির, সাংগঠনিক সম্পাদক সৌরভ চন্দ্র লোধ, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নির্বাহী সদস্য আনজার শাহসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

স্থানীয় সচেতন মহল বরুড়া থানা প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, শিক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ভবিষ্যতে আরও অনেক সংগঠনকে অনুপ্রাণিত করবে।

পরিশেষে বরুড়া থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ