কুমিল্লা নগরীর বাদুরতলা মেডিকমপ্লেক্স সৌহার্দ্য হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. জুবায়ের হোসেনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখা। একই সঙ্গে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা জোরদার এবং দ্রুত চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৭ জুন) এনডিএফ কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৫ জুন কুমিল্লা সৌহার্দ্য হাসপাতালে দায়িত্ব পালনকালে অন্তঃসত্ত্বা এক রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডা. জুবায়ের হোসেন। রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিনিয়র কনসালট্যান্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। তবে ওষুধ প্রয়োগের কিছু সময় পর রোগীর মধ্যে সম্ভাব্য ওষুধজনিত পার্শ্বপ্রতিক্রিয়া (ড্রাগ রিঅ্যাকশন) দেখা দিলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হয়।
সংগঠনটির দাবি, রোগীর মৃত্যুর পর স্বজন ও বহিরাগত কয়েকজন ব্যক্তি চিকিৎসকের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং একপর্যায়ে তার ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। একই সঙ্গে হাসপাতাল এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়।
এনডিএফ কুমিল্লা তাদের বিবৃতিতে উল্লেখ করে, সাম্প্রতিক সময়ে রোগীর মৃত্যু বা চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত তথ্য যাচাই ছাড়াই চিকিৎসকদের দায়ী করা হচ্ছে। ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বাড়ছে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য উদ্বেগজনক।
বিবৃতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত চিকিৎসা সুরক্ষা আইন পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এনডিএফ নেতারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
অফিস রিপোর্টার