কুমিল্লা নগরীর সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের হামলা, চাঁদাবাজি, ভয়ভীতি ও সাইবার হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি একাধিক মামলা ও জিডি দায়ের করেছেন এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ ও স্মারকলিপি দিয়েছেন।
সর্বশেষ ২০২৫ সালের ১৬ অক্টোবর দায়ের করা একটি সিআর মামলায় আদালত কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দেন। ভুক্তভোগীর দাবি, মামলার কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকিরা এখনও মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিয়ে যাচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিকৃত ছবি ও আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে মানহানিরও অভিযোগ উঠেছে। নিরাপত্তা চেয়ে তিনি চলতি বছর আরও একটি জিডি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি জানান, মামলাগুলোর তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
অফিস রিপোর্টার