কুমিল্লার হোমনায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি হোমনা শাখার উদ্যোগে একটি ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) হোমনা পৌরসভার আদর্শ স্কুল রোডে অবস্থিত নতুন বুথ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি হোমনা শাখার ব্যবস্থাপক নাহিদ আক্তার। তিনি বলেন, প্রযুক্তির ছোঁয়ায় ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করার প্রত্যয়ে এই ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথ চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা আধুনিক ও সময়োপযোগী নানা ব্যাংকিং সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক রেহানা আক্তার এবং সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম. সাফিউল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির হোমনা শাখার ব্যবস্থাপক নাহিদ আক্তার।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড গ্রহণ, পূবালী ব্যাংকিং অ্যাপ নিবন্ধন, হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন, ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর সেবার আবেদনসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্যাশলেস হোমনা” গড়ার লক্ষ্যকে সামনে রেখে এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং উদ্যোগ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করবে।
উদ্বোধনের মধ্য দিয়ে হোমনার ব্যাংকিং খাতে আধুনিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
মোঃ জয়নাল আবেদিন, হোমনা