কুমিল্লা | বঙ্গাব্দ

কুবিতে ৫ অনুষদের ডিন উপাচার্য, প্রতিনিধিরা পালন করবেন কার্যক্রম

  • প্রকাশের তারিখ : 21-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব আপাতত উপাচার্যের অধীনে থাকবে। তবে অনুষদগুলোর দৈনন্দিন ও রুটিন কার্যক্রম পরিচালনার জন্য পাঁচজন শিক্ষককে ভাইস-চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ছুটি, অনুপস্থিতি বা অন্য কোনো কারণে ডিনের পদ শূন্য হওয়ায় ভাইস-চ্যান্সেলরের ডিন পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৮ মে গঠিত কমিটির সুপারিশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২২(৬) অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, পরবর্তী সিন্ডিকেট সভায় নতুন ডিন নিয়োগের অনুমোদন না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ভাইস-চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে ডিনের রুটিন কার্যক্রম পরিচালনা করবেন।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছৈয়দুর রহমান, কলা ও মানবিক অনুষদে অধ্যাপক ড. এম এম শরীফুল করিম (উপাচার্য হিসেবে), সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসাইন খান, প্রকৌশল অনুষদে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তোহায়েল আহমেদ এবং বিজনেস স্টাডিজ অনুষদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হোসেন সরকার।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ভাইস-চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে ডিনের রুটিন দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। আগামী ২১ মে থেকে এ আদেশ কার্যকর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “বর্তমানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা উপাচার্যের অর্পিত দায়িত্ব পালন করবেন। তাদের উপাচার্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞান, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদের ডিন নিয়োগ সংক্রান্ত ১১ ও ১৩ মের অফিস আদেশ স্থগিত করে। একই সঙ্গে উপাচার্যকে পাঁচটি অনুষদের ডিনের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ