কুমিল্লা | বঙ্গাব্দ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান-এডভোকেট আতিকুর

  • প্রকাশের তারিখ : 21-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে  কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন কলকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এসময় সভাপতির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর পল্লবীতে রামেসাসহ একের পর এক শিশু ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা দেশব্যাপী উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব ঘটনায় অভিভাবকদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন।

তিনি আরও বলেন, বিগত ঈদুল ফিতরে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা জাতিকে ব্যথিত করেছে। আগামী ঈদুল আজহায় যেন এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে তিনি দেশের সামর্থ্যবান মানুষদের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, অনেক শ্রমিক পরিবার অর্থনৈতিক সংকটের কারণে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। তাই সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা।

তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকবে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্ট লাঘবে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। 

ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম এর  সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সহ-সভাপতি গোলাম রব্বানী, মাস্টার শফিকুল আলম, কবির আহমদ, মুজিবুর রহমান ভূঁইয়া,  মনসুর রহমান, সহ-সাধারন সম্পাদক  এডভোকেট আলমগীর হোসাইন,আব্দুস সালাম, মহিবুল্লাহ,এস এম লুৎফর রহমান,  আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, দফতর সম্পাদক  নুরুল আমিন, সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ