কুমিল্লা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লায় পথে নেতা-কর্মীদের ঢল

  • প্রকাশের তারিখ : 16-মে-2026 ইং
ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ (১৬ মে) প্রথম কুমিল্লায় আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো কুমিল্লাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বরণ করতে প্রস্তুত দলীয় নেতাকর্মী ছাড়াও আপামর জনতা।

প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সফরকে ঘিরে সাজসজ্জা, নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং পথসভা সফল করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলার বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে এখন উৎসবের আবহ বিরাজ করছে।

চাঁদপুর জেলা সফরের প্রথমে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে এক পথসভায় অংশ নিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে কুমিল্লার জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ, কুমিল্লা-নোয়াখালী এবং কুমিল্লা-চাঁদপুর সড়কে করা হয়েছে সৌন্দর্যবর্ধনের কাজ। বিভিন্ন সড়কের বিভাজক, গুরুত্বপূর্ণ মোড় ও আশপাশের এলাকায় লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা বার্তা। শহর ও মহাসড়কের বিভিন্ন অংশ এখন রঙিন সাজে সজ্জিত হয়ে উঠেছে।

তারেক রহমানের আগমন উপলক্ষে দাউদকান্দি থেকে চাঁদপুর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে অবস্থান নিয়েছেন। স্থানীয় পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকায় আলাদা প্রস্তুতি গ্রহণ করেছেন।

দাউদকান্দি এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রস্তুতি নিয়েছেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের পুত্র এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন। তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে ইলিয়টগঞ্জ এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করতে অবস্থান নিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেইন কায়কোবাদের সমর্থকরা।

এছাড়া কুমিল্লা-৫ আসনের বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে কোরপাই এলাকা পর্যন্ত মহাসড়কের দুই পাশে ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে পুরো এলাকা। হাজী জসিম উদ্দিনের নেতৃত্বে তার সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিল্লা মহানগর বিএনপি এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কর্মী-সমর্থকরা সড়কের দুই পাশে অবস্থান নিচ্ছেন।

একইভাবে কুমিল্লার বিজরা থেকে সভাস্থল পর্যন্ত কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হাজির হচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে পথসভাস্থলের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট। মাঠে কাজ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর এবং বরুড়া উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। ছাত্রদলের পক্ষ থেকে রাখা হচ্ছে আলাদা স্বেচ্ছাসেবক টিম।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে কুমিল্লাবাসী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কুমিল্লা দক্ষিণ, উত্তর জেলা এবং মহানগর বিএনপিসহ আপামর জনসাধারণ প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে রয়েছে। সড়ক-মহাসড়কের প্রতিটি মোড়ে মোড়ে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় হাতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। আমাদের ধারণা পথসভাটি একটি জনসভায় রূপান্তরিত হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে সার্বিক নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।

একই সঙ্গে সড়ক নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেহেতু সড়কপথে সফর করছেন, সে কারণে সড়ক ও মহাসড়কের কুমিল্লা অংশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সার্বিক বিষয়টি সমন্বয় করছে এসএসএফ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ