কুমিল্লায় অপহরণচেষ্টা, চাঁদাবাজি, প্রতারণা, মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র এ অভিযোগ এনে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এফআইআর এবং আদালতে সিআর মামলা করেছেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ৮টার দিকে কুমিল্লা আদালত এলাকার সামনে একটি কালো রঙের হাইএস গাড়িতে কয়েকজন ব্যক্তি শুভ্রকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তাকে অনুসরণ করছে এবং বিভিন্নভাবে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, চক্রটি প্রশাসনের বিভিন্ন সংস্থার পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও অপপ্রচারে জড়িত।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা এফআইআর/জিআর মামলা নং-৪১(৮৫০)/২৪, তারিখ ১৪ নভেম্বর ২০২৪-এর তদন্ত চলমান রয়েছে। এছাড়া কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ দায়ের করা সিআর মামলা নং-৬১৫/২৬ আদালত আমলে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৬৫, ৪২০, ৫০০, ৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অবৈধ সমাবেশ, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, অপহরণ, প্রতারণা, মানহানি ও ভয়ভীতি প্রদর্শন।
শুভ্র আরও অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে তিনি বিভিন্ন প্রশাসনিক দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ ও মামলার নথি জমা দিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধি