কুমিল্লা | বঙ্গাব্দ

হোমনায় বিএনপির নির্বাচনী সভা জয়ী হলে হোমনা-তিতাসকে শিক্ষা নগরী গড়ে তোলার ঘোষণা- সেলিম ভূঁইয়ার

  • প্রকাশের তারিখ : 8-ফেব্রুয়ারি-2026 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার হোমনায় বিএনপির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে হোমনা ও তিতাসকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ এবং সড়কগুলো প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় তিনি আরও বলেন, বেকার সমস্যা দূর করতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য কৃষক কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে বলেও জানান তিনি।

সভায় সেলিম ভূঁইয়া তাঁর বক্তব্যে বিএনপির থেকে মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধন্ত অমান্য করায় বিএনপির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কৃত বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস মো. আব্দুল মতিনকে ইঙ্গিত করে নানা অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। বিএনপিকে দুর্বল ভাবার সুযোগ নেই উল্লেখ করে তিনি স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইয়া মুছা, কুমিল্লা জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অহিদ মোল্লা এবং হোমনা উপজেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক সাইজুদ্দিন সাজু।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল ইসলাম ও আজিজুর রহমান মোল্লা বলেন, দলীয় সিদ্ধা চুড়ান্ত, দল সেলিম ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করবো,যদি আমাদের মধ্যে কাউকে দিতো তাহলে সেলিম ভূইয়া ও দলের জন্য কাজ করতো।কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর দলের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করছেন। তারা আরও বলেন, যারা ভুল পথে রয়েছেন তাদের দলীয় প্রতীকের কাছে ফিরে আসার আহ্বান জানানো হয়। শহীদ জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষে আগামী ১২ তারিখ সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

সভাটি সঞ্চালনা করেন হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ