কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশীদ ইয়াছিন মনোনয়নপত্র প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান দলের নেতারা।
এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর হাজী ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ৬টি আসনে নির্বাচন পরিচালনার সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা সদর আসনে বিএনপির মনোনয়নব ঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিন। এই আসনে দলের মনোনয়ন পান চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এতে হাজী ইয়াছিনের অনুসারীরা লাগাতার বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার সিদ্ধান্তে অনড় থাকেন হাজী ইয়াছিন। দলের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েন। তবে দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে হাজি ইয়াছিনের সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্তে আপাতত উভয়ের বিরোধ মিটতে যাচ্ছে বলে মনে করছেন দলের নেতারা।
বিরোধ মীমাংসায় বৃহস্পতিবার বিকেলে দলের চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে ডেকে নেন হাজী ইয়াছিনকে। চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের পর মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। এ সময় তাঁকে জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। সাক্ষাৎকালে ইয়াছিনের সঙ্গে ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব , মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও হাজী ইয়াছিনের শ্যালক নিজাম উদ্দিন কায়সার।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের সাংগঠনিক অবস্থা ও আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। হাজী ইয়াছিনকে কুমিল্লা দক্ষিণ জেলার ৬টি নির্বাচনী আসনের নির্বাচন পরিচালনা সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন। দলের জন্য এমন ত্যাগ ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করবে। দলের প্রতি হাজী ইয়াছিনের এই ত্যাগ নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
এক প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ‘তারেক রহমান আমাদের দলের অভিভাবক। দলের স্বার্থে তাঁর এমন উদ্যোগ সত্যই প্রশংসনীয়। দলের জন্য হাজী ইয়াছিনের অনেক অবদান আছে। আমি আগেও বলেছি, এখনও বলছি– আমরা শুধু নির্বাচন নয়, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দলকে এগিয়ে নিতে ইয়াছিনকে নিয়ে একসঙ্গে কাজ করব।
নেকবর হোসেন