কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় আগুনের তাপ নেওয়ার সময় দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশের তারিখ : 31-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রচন্ড শীতে আগুনের তাপ নেওয়ার সময় দগ্ধ হয়ে নাছিমা আক্তার (৬৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নাছিমা আক্তার উপজেলার দুলালপুর (পশ্চিমপাড়া) গ্রামের কালা হাজী বাড়ির বাসিন্দা এবং আব্দুল মালেকের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বসতবাড়িতে মাটির পাতিলে আগুনের তাপ নেওয়ার সময় অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্বজনরা তাকে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পরামর্শ দেন। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে বিষয়টি পাঁচলাইশ মডেল থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নিহতের স্বামী আব্দুল মালেক জানান, এটি একটি নিছক দুর্ঘটনা। এ ঘটনায় তাদের পরিবারের কোনো সদস্য কিংবা স্বজনদের কারও কোনো অভিযোগ নেই।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বিষয়টি আমরা জানতে পেরে সরেজমিনে তদন্ত করেছি। এছাড়া এ বিষয়ে নিহতের স্বামী আব্দুল মালেক ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ