কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা-৩ আসনে নির্ভার বিএনপির কায়কোবাদের সঙ্গে ভোটে লড়বেন জামায়াতের সোহেল

  • প্রকাশের তারিখ : 29-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে নির্ভার বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে ভোটে লড়বেন জামায়াতের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল। আসনটিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নির্বাচন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সড়ে গিয়েছেন। এতে ত্রিমুখী প্রতিযোগিতা এখন দ্বিমুখীতে পরিনত হচ্ছে। এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ নিজের বলয় সমৃদ্ধ করে ভারমুক্ত হচ্ছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি এ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া একবার মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এতে আসনটিতে তার যেমন গ্রহণযোগ্যতা রয়েছে তেমন জনপ্রিয়তা রয়েছে। আসনে তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি অনেকটা নির্ভার রয়েছেন। এ আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। তরুণ প্রজন্মের এই প্রার্থী এলাকায় বেশ জনপ্রিয়। তবে কায়কোবাদের জনপ্রিয়তার সঙ্গে তিনি কতটা পাল্লা দিতে পারবেন সময়ই তা বলে দিবে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে। আমাদের নেতাকর্মীরা প্রতিটি ভোটারের কাছে যাচ্ছে। আমরা বিপুল পরিমাণে সাড়া পাচ্ছি। অনেক ভোটের ব্যবধানে একবার সাহেব এই আসন থেকে এমপি নির্বাচিত হবে। নির্বাচনের জয় নিয়ে আমরা চিন্তিত নই। 

জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল বলেন, এবার মানুষ সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে ভোট দেবে। আমি গণসংযোগে নেমে মানুষের বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। ভোটার এবং জনসাধারণ আমাকে আশ্বস্ত করছে। আগামী নির্বাচনে নিরব ব্যালট বিপ্লব ঘটবে। আধিপত্য এবং পেশিশক্তিকে মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে। তিনি বলেন জনগণ যাকে খুশি ভোট দেবে। তবে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। 


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ