কুমিল্লা | বঙ্গাব্দ

মুরাদনগরে নির্বাচনী আমেজ

  • প্রকাশের তারিখ : 15-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা ৩ মুরাদনগর সংসদীয় আসনে চলছে নির্বাচনী আমেজ। উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিদিনই উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব উঠান বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য দলের মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি ওই আসনের হেভিওয়েট প্রার্থী। এদিকে আসনটিতে হেভিওয়েট কায়কোবাদের সঙ্গে ভোটে লড়বেন জামায়াতের মনোনীত প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। তিনিও নিয়মিত গণ সংযোগ করছেন। আসনটিতে বিএনপি এবং জামায়াতের নির্বাচনী প্রচারণা চলছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আর জামায়াতের মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল। 

আসনটিতে ব্যাপক গণসংযোগে নেমেছেন বিএনপির নেতা কর্মীরা। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে চলছে উঠান বৈঠক। এসব উঠান বৈঠকে উপজেলা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন। আর ভার্চুয়ালি যোগ দিচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি সাধারণ ভোটারদের সাথে উন্মুক্ত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। ইতিপূর্বে একাধিক বড় সমাবেশে তিনি সশরীরে উপস্থিত হয়ে ভোটারদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছেন। ৎ

স্থানীয়রা জানায়, দীর্ঘ ১৭ বছর পর এলাকায় ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। আসনটিতে এবার জনপ্রিয় প্রার্থী কায়কোবাদ বিএনপির মনোনয়ন লাভ করেছেন। এতে এলাকায় বাড়তি আমেজ সৃষ্টি হয়েছে। দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উৎসাহ উদ্দীপনা নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে গনসংযোগ চালাচ্ছে। প্রতিটি এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১ দফার লিফলেট বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ভোটার এবং নেতাকর্মীদের মাঝে বাড়তি আমেজ সৃষ্টি হচ্ছে। এদিকে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলকে নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। উপজেলার প্রতিটি এলাকায় তারা গণসংযোগ এবং নির্বাচনে কার্যক্রম পরিচালনা করছেন। সব মিলিয়ে আসনটিতে বিএনপি জামায়াতের ভোটের লড়াই জমতে শুরু হয়েছে। 

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, আমাদের দলের মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মুরাদনগরের আপামর জনতার আস্থার প্রতীক। তাকে ভোট দেওয়ার জন্য মুরাদনগরের সর্বস্তরের ভোটাররা উদগ্রীব হয়ে আছে। মুরাদনগরে বিএনপির ভোটব্যাঙ্ক রয়েছে। এখানে অন্য কোন প্রার্থী তেমন সুবিধা করতে পারবে বলে আমরা ভাবছি না। আগামী নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে। 

উপজেলা জামায়াতের আমির মাওলানা আ'ন'ম ইলিয়াস বলেন, আগামী নির্বাচনে মানুষ পরিবর্তন চায়। অতীতে যারা নির্বাচিত হয়েছে তাদের কার্যক্রম জনগণ দেখেছে। এবার জামায়াতের তরুণ প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে জনগণ রায় দেবে। এবারের নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয় হবে ইনশাআল্লাহ। 


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ