কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা-৮ এ হাতপাখার প্রার্থী মুফতি সাদিকের গণসংযোগের প্রস্তুতি

  • প্রকাশের তারিখ : 1-ডিসেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা- ৮ (বরুড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি সাদিক মাহমুদ বিন নুরী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার বাদ আসর চিতড্ডা ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় মতবিনিময় সভায় অংশ নেন। 

সভায় তাঁর নিজ গ্রামের সম্মানিত আলেম-ওলামা, স্থানীয় মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রার্থী বলেন, বরুড়ার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা বিস্তার, কৃষি–বান্ধব পদক্ষেপ এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলাই তাঁর মূল অঙ্গীকার। তিনি স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, রাজনীতি আমার কাছে দায়িত্ব ও সেবা। বরুড়ার মানুষই আমার শক্তি, তাদের সমর্থন নিয়ে উন্নয়ন–অসন্তোষ ও বঞ্চনার জায়গাগুলো দূর করতে চাই।

সভায় আগামী বুধবার দিনব্যাপী পুরো বরুড়া উপজেলায় ব্যাপক গণসংযোগ ও শোডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

দলীয় নেতাকর্মীরা জানান, এটি হবে হাতপাখা প্রতীকের সমর্থনে এ পর্যন্ত অন্যতম বড় কর্মসূচি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ সড়কঘাটে প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া এবং তাঁর নির্বাচনী পরিকল্পনা জনসাধারণের কাছে তুলে ধরাই এই শোডাউনের মূল উদ্দেশ্য।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মুফতি সাদিক মাহমুদ বিন নুরী দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। শোডাউনকে কেন্দ্র করে তাঁরা এলাকায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

সভায় কয়েকজন স্থানীয় নাগরিক বরুড়ার যেসব সমস্যা সমাধান জরুরি মনে করেন, সেগুলো প্রার্থীর কাছে তুলে ধরেন এর মধ্যে রয়েছে সড়ক সংযোগ উন্নয়ন, বন্যা দুর্যোগে দ্রুত ত্রাণ কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, কিশোর যুবকদের জন্য বিনোদন ও প্রশিক্ষণ কেন্দ্র এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ।

এ সময় মুফতি সাদিক মাহমুদ বিন নুরী প্রতিশ্রুতি দেন, গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষাখাতের উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, যুবসমাজের কর্মসংস্থানের উদ্যোগ, নারীদের নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম এবং ধর্মীয় নৈতিক মূল্যবোধভিত্তিক শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করবেন।

সভায় বক্তারা শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন বরুড়ার উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো যেই নির্বাচিত হন, তিনি যেন গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করেন।

সভা শেষে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা লক্ষ্য করা যায়। আসন্ন শোডাউনকে কেন্দ্র করে বরুড়া উপজেলায় নির্বাচনী আমেজ আরও জোরদার হবে বলে তারা জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ