কুমিল্লা জেলা–দায়রা জজ আদালত এলাকা এবং নগরের কালিয়াজুরি এলাকায় সারাদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির কুমিল্লা–৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নানা কর্মসূচিতে অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় তিনি কুমিল্লা আদালত এলাকায় ৩১ দফা রাষ্ট্রসংস্কার প্রস্তাবনার লিফলেট বিতরণ করেন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর তিনি কালিয়াজুরি কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ আদায় করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ায় অংশ নেন। দোয়া শেষে কালিয়াজুরি মাজার জিয়ারত করেন। পরে নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় বাড়ি-বাজারে গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন,
“দল আমাকে মনোনয়ন দিয়েছে—এর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবার প্রতি কৃতজ্ঞ। ধানের শীষের প্রশ্নে কুমিল্লা জেলা ও মহানগর আজ ঐক্যবদ্ধ। আমরা কুমিল্লা–৬ আসনটি দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন,
“আপনারা আমাকে একবার সুযোগ দিন। কুমিল্লা মহানগর তথা কুমিল্লা–৬ আসনের চিত্র বদলে দেব ইনশাআল্লাহ। আমি কাজের মানুষ—কাজ করেই যেতে চাই।”
গণসংযোগে অংশ নেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা পাবলিক প্রসিকিউটর কাউমুল হক রিঙ্কু, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রদলের সাবেক সভাপতি নাদিমুল ইসলাম শিশির, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমানসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
অফিস রিপোর্টার