কুমিল্লা | বঙ্গাব্দ

`ফজলে রাব্বীরা যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন’

  • প্রকাশের তারিখ : 27-নভেম্বর-2025 ইং
আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন: আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালিত

কুমিল্লা থেকে প্রকাশিত দেশের প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বীর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মোহাম্মদ ফজলে রাব্বী সংসদ। এর মধ্যে ছিলো বেলা ১১টায় বিষ্ণপুর কবরস্থানে কবর জিয়ারত, দুপুর ১২টায় কুমিল্লা নগরীর ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের মিলনায়তনে স্মরণ সভা ও দোয়ার আয়োজন। স্মরণ সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আলোকিত সমাজ গঠনে মোহাম্মদ ফজলে রাব্বী পল্লী উন্নয়নের জনক ড. আখতার হামিদ খান ও ভাষা সৈনিক অজিত কুমার গুহের মতো অবদান রেখেছেন। এসব আলোকিত মানুষদের জীবনের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের নিজের জীবন গড়তে হবে। আমোদ সম্পাদক ফজলে রাব্বী তার সংবাদপত্রের মাধ্যমে সমাজের অন্ধকার তাড়ানোর সংগ্রাম চালিয়েছেন। তাদের মতো মানুষ যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। সভায় সভাপতিত্ব করেন সংসদের সহ- সভাপতি শাহাজাদা এমরান। প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংসদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু।
অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, ছড়াকার জহিরুল হক দুলাল,সংসদেও সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,বদরুল হুদা জেনু,ফজলে রাব্বীর ভাগিনা জামান খান। ধন্যবাদ জানান সংসদের সদস্য মাহফুজ নান্টু। দোয়া পরিচালনা করেন সংসদের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। সঞ্চালনা করেন সংসদের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা। এ ছাড়াও প্রয়াতের গ্রামের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুর মিয়া বাড়ি জামে মসজিদে ২৮ নভেম্বর বাদ আসর বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এদিকে তার সন্তানরা যুক্তরাষ্ট্রের নিউ জার্জিতে ২৮ নভেম্বর দোয়ার আয়োজন করেছেন। আমাদ পরিবারের সূত্র জানায়, ১৯৯৪ সালের ২৮ নভেম্বর মোহাম্মদ ফজলে রাব্বী মৃত্যুবরণ করেন। ১৯২৫ সালের ১ জুন তিনি কুমিল্লা নগরীর মোগলটুলীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। তার পিতার নাম এ এফ এম মোহাম্মদ আসাদ, মাতা সৈয়দা ফখরুন্নেসা। ১৯৫৫ সালের ৫ মে থেকে কুমিল্লায় মোহাম্মদ ফজলে রাব্বী ‘আমোদ’ পত্রিকার প্রকাশনা শুরু করেন। আমোদ ছিল পূর্ব পাকিস্তানের প্রথম ক্রীড়া সাপ্তাহিক। পরে তা সাধারণ সংবাদপত্রে রূপ নেয়। চলতি বছর আমোদ তার নিয়মিত প্রকাশনার ৭১ বছরে পদার্পণ করেছে। মোহাম্মদ ফজলে রাব্বীর পর আমোদ প্রকাশনার দায়িত্ব নেন তার সহধর্মিনী প্রয়াত শামসুন নাহার রাব্বী। বর্তমানে তার একমাত্র ছেলে বাকীন রাব্বী পত্রিকার সম্পদনার দায়িত্ব পালন করছেন। সূত্র আরও জানায়, বৃহত্তর কুমিল্লা তথা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং তার আশপাশের এলাকায় এখন যে সংবাদপত্রের বিকাশ দেখা যায় তাঁর উৎস ‘আমোদ’। এখানে সাংবাদিকতা ও লেখালেখি করে নিজেকে এগিয়ে নিয়েছেন অনেকে। আঞ্চলিক সংবাদপত্র হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখার কারণে আমোদ তার যোগ্য স্বীকৃতিও পেয়েছে। ১৯৮৫ সালে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো এশিয়ার পাঁচটি সফল আঞ্চলিক পত্রিকার একটি হিসেবে ‘আমোদ’ স্বীকৃতি লাভ করে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ