বাংলাদেশসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে কুমিল্লার বুড়িচং উপজেলায় বেশ কিছু বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে অনুভূত প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে বুড়িচং সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিনশেড, সেমিপাকা ও পাকা ঘরের দেয়াল, মেঝে ও পাতালভিত্তিতে ফাটল সৃষ্টি হয়। কোথাও টিনের চাল কেঁপে ওঠে এবং ঘরের ভেতরের আসবাবপত্র নড়ে যায় বলে জানান বাসিন্দারা।
সদর এলাকার বাসিন্দা জয়দল হোসেন বলেন, “হঠাৎ ভূমিকম্প শুরু হতেই পরিবারসহ বাইরে বের হয়ে যাই। পরে শুনি আশপাশের অনেক ঘরে ফাটল ধরেছে।”
স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরুর আগে তারা বিকট শব্দ শুনতে পান। এরপর মুহূর্তেই ঘরগুলো দুলতে থাকে। অনেকে প্রথমে ধারণা করেন আশপাশে কোনো বিস্ফোরণ হয়েছে। পরে নিশ্চিত হন, সারাদেশেই ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুড়িচং উপজেলা প্রশাসন জানায়, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে।
মোঃ আবদুল্লাহ, বুড়িচং