বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার সন্ধ্যায় নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বক্সগঞ্জ বাজারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বক্সগঞ্জ দক্ষিণ বাজার থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দক্ষিণ বাজারে গিয়ে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সাবেক সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সিফাত, বিএনপি নেতা মুরাদ মিয়া, জিয়াউল হক জীবন ও আজিম উদ্দিন।
নাঙ্গলকোট প্রতিনিধি