কুমিল্লা | বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের নির্বাচনী গেইট ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের তারিখ : 12-নভেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রাণীগাছ মোড়ে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এর নির্বাচনী গেইট ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা প্রতিহিংসাবশত নির্মাণাধীন একটি নির্বাচনী গেইট ভেঙে ফেলে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গেইটটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার প্রতিবাদে দুপুরে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও সমর্থকরা রাণীগাছ মোড়ে কুমিল্লা-মিরপুর সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাণীগাছ ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ড. মো. মাহবুবার রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মনির হোসেন, সাবেক সেক্রেটারি মাস্টার মো. ছন্দুল হক, অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রফেসর রেজাউল করিম, মাওলানা মাফিউল্লাহ, গিয়াস উদ্দিন আখন্দ, জাফর সাদিক, হাফেজ ওবায়দুল্লাহ, শাহজাহান চৌধুরী, হাফেজ ছাদেকুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,“জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান গণজোয়ার দেখে অনেকে আতঙ্কিত হয়ে প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। কিন্তু এসব ন্যক্কারজনক ঘটনায় জামায়াতের অগ্রযাত্রা রোধ করা যাবে না। বরং যত প্রতিহিংসা করা হবে, জামায়াতে ইসলামীর গণআন্দোলন ততই শক্তিশালী হবে।”

মানববন্ধনে বক্তারা গেইট ভাঙচুরের ঘটনাকে ‘গণতন্ত্রবিরোধী ও পরিকল্পিত অপতৎপরতা’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ