কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লা–৬ আসনে হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া

  • প্রকাশের তারিখ : 7-নভেম্বর-2025 ইং
কুমিল্লা–৬ আসনে হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া ছবির ক্যাপশন: কুমিল্লা–৬ আসনে হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া

নেকবর হোসেন।।
কুমিল্লা–৬ (সদর, সদর দক্ষিণ, সেনানিবাস এলাকা ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হাজী আমিন–উর–রশিদ ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় শহর ও গ্রামের অসংখ্য মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার পর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠাকুরপাড়া, চৌধুরীপাড়া, টমছমব্রিজ, চকবাজার, চর্থা, ঝাউতলাসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি সদর দক্ষিণ ও সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের মসজিদগুলোতেও এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, সমাজসেবক, তরুণসমাজ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে হাজী ইয়াছিনের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, জনসম্পৃক্ততা এবং তৃণমূলের সাথে নিবিড় সম্পর্কের কারণে তাঁকে এই আসনে প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ। তাঁরা বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি–সম্প্রীতি বজায় রাখতে “যোগ্য নেতৃত্ব” অত্যন্ত জরুরি, তাই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

দোয়া মাহফিলে দেশের শান্তি, স্থিতিশীলতা, সুশাসন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও সফলতার জন্য প্রার্থনা করা হয়।

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, “আমরা রাজপথে আন্দোলন করেছি, রোজা রেখেছি, গণ–ইফতার করেছি—এবার মনোনয়ন লাভের আশায় আল্লাহর দরবারে হাত তুলেছি। সবকিছুই আল্লাহর হাতে।”

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকেই হাজী ইয়াছিন–সমর্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। নারীদের সমাবেশ, নফল রোজা, গণ–ইফতার ও মিলাদ মাহফিলের ধারাবাহিকতায় শুক্রবারের বিশেষ দোয়া কর্মসূচি “ধর্মীয় ও নৈতিক শক্তির সংযোজন” হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীদের মতে, এ কর্মসূচি মনোনয়ন প্রত্যাশার আন্দোলনকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ