কুমিল্লা | বঙ্গাব্দ

এবি পার্টির প্রার্থী তৌফিকের নির্বাচনী মোটরসাইকেল শোডাউন

  • প্রকাশের তারিখ : 30-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত কুমিল্লা-৬ আসনের এমপি প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন করেছেন। শোডাউনে শত শত নেতা-কর্মী অংশ নেন।

শোডাউন শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ামি রেস্টুরেন্টের সামনে থেকে, পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদুয়ারবাজার বিশ্বরোডে নুরজাহান হোটেলের সামনে এসে শেষ হয়।

মোটরসাইকেল র‍্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী প্রার্থীর পরিচয় করান। এ সময় মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, "আমরা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী। সময় এসেছে রাজনীতির গতানুগতিক ধারা থেকে বের হওয়ার। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো সমতা ও জবাবদিহিতা। আমরা এদেশের জনগণকে নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, যেদিন জনপ্রতিনিধির কাছে জবাব চাইতে পারবে এবং তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা করবে।"

তিনি আরও বলেন,"এদেশের সাধারণ জনগণের ক্ষমতা একদিনের। একদিন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা নির্ধারণ করবে কে রাষ্ট্র ক্ষমতায় যাবে। সময় এসেছে পরিবর্তনের। ২০০ বা ৫০০ টাকার জন্য নয়, এলাকার, সমাজের ও দেশের কল্যাণ বয়ে আনা প্রার্থীকে ভোট দিন। জনগণই দেশকে বদলাতে পারে। আমরা চাই একটি জবাবদিহিতা মূলক কল্যাণ রাষ্ট্র।"

শোডাউনে অংশ নেন এবি পার্টির কুমিল্লা জেলা সংগঠনিক সম্পাদক আবু ছালেহ মো. মাসুদ, মহানগর সদস্য সচিব আবদুল কাইয়ুম মুকুল, মহানগর সংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, আমার বাংলাদেশ কৃষক পার্টির আহ্বায়ক আশররাফুল আলম রতন, নির্বাচন পরিচালনা কমিটির অর্থ সম্পাদক মো. সরকার বাবুল, মহানগরের ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সেলিম, ১৭ নং ওয়ার্ড সদস্য সচিব গাজী জসিম, পেয়ার মিয়া, রায়হান, মিজান প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ