নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মো. মনিরুল হক সাক্কুকে ডেকে পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে মহাসচিবের বাসায় তাঁকে ডাকা হয়। পরে সেখানে দুজনের মধ্যে বৈঠক হয় বলে জানা গেছে। বৈঠকে মনিরুল হক সাক্কু কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলকে অবহিত করেন।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে মনিরুল হক সাক্কু বলেন, “আমি কুমিল্লার আদি বিএনপি। এখন যারা মাঠে সক্রিয়, তারা অনেকে জুনিয়র। সদর আসনের বর্তমান রাজনীতি ও সম্ভাব্য চিত্র নিয়ে মহাসচিবের সঙ্গে আলোচনা করেছি।”
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল। তবে তিনি এরপরও বিএনপির কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। স্থানীয় রাজনীতিতে তিনি এখনো গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে বিবেচিত বলে মনে করেন কুমিল্লার রাজনৈতিক বিশ্লেষকরা।
কুমিল্লা গেজেট. কম