কুমিল্লা | বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে শহিদরাও মুক্তিযোদ্ধা: রুহুল কবির রিজভী

  • প্রকাশের তারিখ : 20-অক্টোবর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।। 
জুলাই আন্দোলনে শহিদরাও মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘একাত্তরে মুক্তিযোদ্ধারা যেমন শহিদ হয়েছেন, তেমনি চব্বিশের জুলাই আন্দোলনে শহিদরাও মুক্তিযোদ্ধা।’ সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহিদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন,  ‘শহিদ শব্দটি শুধু ব্যক্তি মানুষের প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছেন, তার মধ্যে একজন ইমাম হোসেন তায়িম।’ রিজভী বলেন, ‘রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধানের ক্ষেতের জমির পাশে শুয়ে আছে তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগ কীসের জন্য - সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারও জমি দখল করতে, কোনো গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা।’ তায়িমের মা-কে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি, কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছেন। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনও প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনো না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।’ এদিন বেলা ১১টায় এতবারপুর ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহিদ তায়িমের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক প্রদান করেন এবং শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ