মো. তামিম হোসেন।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পরে দেশে হিন্দু-মুসলিম সম্পর্ক বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় প্রভাবশালী মহল “বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে”—এমন প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে।
তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমকে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে ও শিখতে চায়, তবে সেটি বাংলাদেশে এসে দেখতে হবে। এখানে সব ধর্মের মানুষ ধর্মীয় উৎসব উদযাপন করে উৎসবমুখর পরিবেশে—যা বিশ্বের জন্য অনন্য উদাহরণ।”
বুধবার (১ অক্টোবর) রাতে দেবিদ্বার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “৫ আগস্টের পর আপনাদের পূজা-অর্চনায় কোনো বাধা দেওয়া হয়েছে কি? কোনো মন্দিরে হামলা হয়েছে, জমি বা ব্যবসা দখল করা হয়েছে কি? আমি জানি—এসব কিছুই হয়নি। কিন্তু ভারতীয় মিডিয়া এসব নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “বিপদে-আপদে আমরা যেমন আপনাদের পাশে দাঁড়াই, আপনাদেরও উচিত আমাদের পাশে দাঁড়ানো। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আজীবন থাকবে।”
এনসিপি নেতা বলেন, পূজা উপলক্ষে সব রাজনৈতিক দলের নেতারা মণ্ডপে আসেন ও সহযোগিতা করেন—এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক উদাহরণ।
দেবিদ্বারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই উপজেলার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। বাংলাদেশে আর এমন উপজেলা আছে কিনা জানা নেই। তবে ৩৩৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে; খুব শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে। আমরা সবাই মিলে একটি আধুনিক ও স্বপ্নের দেবিদ্বার গড়ে তুলব।”
এ সময় উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা গেজেট