কুমিল্লা | বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ না থাকলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান

  • প্রকাশের তারিখ : 28-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।।
ঐক্যবদ্ধ না থাকলে বাংলাদেশে নতুন করে গুপ্ত স্বৈরাচারের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ শঙ্কার কথা জানান।

তারেক রহমান বলেন—“গত ১৬ বছর বাংলাদেশে ডাকাত পড়েছিল। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সেই ডাকাতকে বিতাড়িত করা হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমরা জনগণকে সঠিকভাবে বোঝাতে না পারি, তাহলে স্বাধীনতার পর যেমন স্বৈরাচার এসেছে, ওয়ান ইলেভেনের পরে যেমন স্বৈরাচার চাপিয়ে দেওয়া হয়েছিল— তেমনিভাবে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে।”

সম্মেলনে প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “রাজনীতিকে ব্যবহার করে ইসলামকে বিভক্ত করার যে চেষ্টা চলছে, তাকে প্রতিহত করতে হবে।” তিনি ধর্মীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং দেশের ব্যাংকিং খাতের সংকট তুলে ধরেন।

উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সম্মেলনে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে মো. জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ