কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে প্রথমবারের মতো আগামী ২৬ ও ২৭ নভেম্বর আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। কনফারেন্সের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে “বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী”।
কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবন্ধের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ ৭ অক্টোবর, পূর্ণাঙ্গ প্রবন্ধ জমা দেওয়া যাবে ৬ নভেম্বর পর্যন্ত এবং রেজিস্ট্রেশনের সময়সীমা ১২ নভেম্বর।
প্রবন্ধ আহ্বানের বিষয়গুলোর মধ্যে রয়েছে—বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটক বা নাট্যকারে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, তুলনামূলক মূল্যায়ন এবং নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও রচনার নবমূল্যায়ন। বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রবন্ধ জমা দেওয়া যাবে। নির্বাচিত প্রবন্ধসমূহ প্রকাশিত হবে ভাষা-সাহিত্য পরিক্রমা জার্নালে।
জানা গেছে, সারসংক্ষেপ সর্বোচ্চ ৩০০ শব্দ এবং প্রবন্ধ ২৫০০–৫০০০ শব্দের মধ্যে হতে হবে।
অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, “প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করছি। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেবেন। পাশাপাশি ভারতের বিশ্ববিদ্যালয় থেকেও প্রতিনিধি যোগ দেবেন।”
কুমিল্লা গেজেট