জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাদ মাগরিব দুর্গাপুরের সাহেবনগর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সহকারী সেক্রেটারি কাজী তাজুল ইসলামের সঞ্চালনায় এবং ২নং ওয়ার্ড সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ.কে.এম. এমদাদুল হক মামুন, আদর্শ সদর পশ্চিম অঞ্চলের পরিচালক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ২নং দুর্গাপুর উত্তর ইউনিয়নের আমীর মাওলানা মো. ফয়েজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে অধ্যাপক এ.কে.এম. এমদাদুল হক মামুন বলেন, “সুদ ইসলামে হারাম। আমরা সুদ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে চাই। এজন্য আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আগামী জাতীয় নির্বাচনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা সুদ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে চাই। গত ১৭ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই। রাতের ভোট কোনোভাবেই জনগণ মেনে নেবে না। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।”
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুমিল্লা গেজেট