কুমিল্লা | বঙ্গাব্দ

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২০

  • প্রকাশের তারিখ : 21-সেপ্টেম্বর-2025 ইং
ছবির ক্যাপশন:

নেকবর হোসেন।। 
কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় ঝটিকা মিছিল করেছে। এ ঘটনায় রোববার সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। মামলায় ৩০ জনকে নামীয় আসামি এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাতভর অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মোট ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, শরিফ আহমেদ মজুমদার সোহাগ, হানিফ চৌধুরী, দেলোয়ার হোসেন, মহিবুল্লাহ আপন, জুয়েল, জসিম উদ্দিন, ফরিদ, সজিব, মোহাম্মদ আলী, জানে আলম লোটাস, নুরুল ইসলাম রানা, মোবারক, আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, ইলিয়াস, সাদ্দাম হোসেন মজুমদার, নোমান ও আব্দুল কাদেরসহ আরও কয়েকজন।

উল্লেখ্য, শনিবার সকালে মহাসড়কে অনুষ্ঠিত ওই ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তরুণ ও মধ্যবয়সী নেতাকর্মীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ওসি মোহাম্মদ সেলিম বলেন, “বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের ছাড় দেওয়া হবে না।”

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ